নীল কুঠি

পর্যটন ও স্থান

নীল কুঠি

নীলফামারী জেলা শহর থেকে ডোমার সড়কে তিন কিলোমিটারের মতো এগোলে ঐতিহ্যবাহী স্থান নীলফামারী নটখানা। বিশাল জায়গা নিয়ে একতলা ভবন। যে ভবনের পরতে পরতে লুকিয়ে আছে নিপীড়নের গল্প, শোষণের গল্প। ভবনটির দিকে চোখ পড়লেই হৃদয়পটে ভেসে ওঠে দরিদ্র কৃষকের ওপর অত্যাচারী নীলকরদের নির্যাতনের বীভৎস দৃশ্য।

নীলফামারী সদরকমিউনিটি ডিরেক্টরি

পরিচিতি

ব্রিটিশ আমলে এ জেলায় প্রচুর পরিমাণে নীল চাষ হতো। সে মোতাবেক ব্রিটিশরা নির্মাণ করে নীলকুঠি। আজও এ জেলার বিভিন্ন স্থানে নীলকুঠি দেখতে পাওয়া যায়। এটি ছিল তৎকালীন ব্রিটিশ সরকারের নীলকুঠিয়ালাদের নীল চাষের কেন্দ্রস্থল।

১৭৬০ সালে ইংল্যান্ডে শিল্পবিপ্লব ঘটলে কলকারখানায় তৈরি কাপড়ের রঙের জন্য নীলের প্রয়োজন দেখা দেয়। ভারত উপমহাদেশ তখন ব্রিটিশদের অধীনে। সেই সূত্র ধরে পূর্ব বাংলার কৃষককে তারা জোর করে নীল চাষ করতে বাধ্য করত। নীল চাষ ছিল বর্গাপদ্ধতি। জমি বর্গা নিয়ে নীল চাষ করতেন এ অঞ্চলের কৃষকরা। কিন্তু নীলকর, জমির মালিকের পাওনা, চাষ খরচ― সবকিছু বাদ দিয়ে কৃষকের ভাগ্যে হতাশা বৈ কিছুই জুটত না। ফলে কৃষকরা নীল চাষে অস্বীকৃতি জানান। আর এ কারণে তাদের ওপর নেমে আসত অপমান ও নির্যাতন। তাদের স্ত্রী-সন্তানকে ধরে নিয়েও অত্যাচার করা হতো। এমন অনেক মর্মস্পর্শী ঘটনা নতুন করে মনে করিয়ে দেয় এ ভবনটি।

আগে স্থানটির নাম ছিল ‘লটখানা’। অবাধ্য নীলচাষিদের এ নীল খামারে এনে লটকিয়ে শাস্তি দেওয়া হতো বলে এর নাম ছিল ‘লটখানা’। কালের আবর্তে লটখানা শব্দটি উচ্চারিত হতে থাকে ‘নটখানা’ রূপে। তারপর নটখানা থেকে ‘নীলফামারী’ শব্দটির প্রচলন। ধারণা করা হয়, স্থানীয়দের বাচনভঙ্গির কারণে ‘নীল খামার’ রূপান্তরিত হয় ‘নীলখামারী’তে। পরে অপভ্রংশ হয়ে নীলখামারী হয়ে যায় নীলফামারী নামে। আরেক মতে, নীল ফার্মার পরিবর্তিত হয়েও নীলফামারী হতে পারে। তবে যত বিতর্কই থাকুক না কেন, নীল চাষকে কেন্দ্র করেই যে নীলফামারী শব্দের উৎপত্তি, তাতে কোনো সন্দেহ নেই।

এদিকে নীলফামারী ডিসি গার্ডেনের সামনের নীলকুঠি ১৯৯৯ সাল থেকে নীলফামারী অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ঔপনিবেশিক স্থাপত্যশৈলীতে নির্মিত ৬৩ ও ৫১ ফুট এ টিনশেড ভবনে ২টি ফায়ার পেন্টস, ২টি বেড রুম, ১টি ড্রয়িংরুম, ২টি বাথরুম ও পেছন দিকে একটি বারান্দা রয়েছে নীলকুঠিতে। এখন সময় বদলে গেছে। সঙ্গে সঙ্গে বদলে গেছে নীলকুঠির বাসিন্দাদের জীবনযাত্রা।

১৮৮২ সাল থেকে এ নীলকুঠিটি মহাকুমা প্রশাসকের বাসভবন, ১৯৮৪ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত এটি ছিল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের বাসভবন। বর্তমানে এটি নীলফামারী অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে অবাক তথ্য হচ্ছে, প্রায় ১৫০ বছর পুরোনো এ ভবনটি, কোনো ধরনের পরিবর্তন ছাড়াই আজও অটুট আছে।

ঠিকানা

Adjacent to the Deputy Commissioner's Office, Nilphamari

ছবিসমূহ

উৎস ও তথ্যসূত্র

  1. Nilphamari District Official Tourism Spot Directory